ওয়েব ফিল্মে ‘বেগমপাড়া’র পাঁচ পরিবারের গল্প

১১ অক্টোবর, ২০২৪ ০৯:০২  

কানাডার প্রধান নগরী টরন্টোর ‘বেগমপাড়া’ বাংলাদেশ থেকে পাচার করা অর্থে নির্মিত 'অবৈধ স্বর্গের' প্রতীক। সেখানে বিলাসী জীবন জাপন করা পাঁচটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘বেগমপাড়া’। ফিল্মটি তৈরি করেছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। তিনি জানিয়েছেন, শিগগির দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হওয়ার কথা রয়েছে ওয়েব ফিল্মটির।

এই ওয়েবে বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ পাঁচ শ্রেণির মানুষের পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। যারা দেশে থেকে বিপুল টাকা অবৈধ পথে আয় করেছেন। সেই টাকায় স্ত্রী-সন্তানরা যা ইচ্ছা, তা-ই করছেন কানাডায়—গণমাধ্যমকে এমনটাই বলেছেন কানাডা প্রবাসী এই নির্মাতা।

কামাল হোসেন বলেছেন, ‘এই বেগমপাড়ায় যারা থাকেন, তাদের শতকোটি টাকার সম্পদ রয়েছে। দামি গাড়ি, বাড়ি, পার্টিতে এরা মাতোয়ারা। যাদের কোনোভাবেই বাঙালি বলে মনে হয় না। এতটাই ব্যয়বহুল জীবন যাপন করেন। অথচ এই মানুষেরা কেউ বাংলাদেশে রাজনীতি করেন, কেউ হুন্ডি ব্যবসা করেন, কেউ অসৎ উপায়ে দেশ থেকে টাকা পাচারের সঙ্গে জড়িত। এমন অনেকে আছেন, যারা দেশের ক্ষতি করে টাকা পাঠিয়েছেন। এটা আমরা সবাই জানি। তাদের গল্পটিই ওয়েবে উঠে এসেছে।’

জানা যায়, এ বছর শুরুর দিকে ফিল্মটির শুটিং শুরু হয়। বাংলাদেশ ও কানাডার প্রবাসী অভিনয়শিল্পীরা এখানে অভিনয় করেছেন। কলাকুশলী টিমও ছিল বাংলাদেশের। এখানে অভিনয় করেছেন আফরান আহমেদ, আসিফ নাসারি, উনাইশা নায়ির, ইশরাত জাহান, নায়মা ফেরদৌসী, ইফফাত শারমিন প্রমুখ।